১৬ বছরের নিচে শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

১৬ বছরের নিচে শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের জন্য অবিলম্বে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে এই কমিটি গঠন করতে বলা হয়েছে।
আজ রবিবার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। টেলিকমিউনিকেশন সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে আদালতের এই নির্দেশ বাস্তবায়ন করতে হবে।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে নিজেই শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর।
আদেশের পাশাপাশি আদালত এ বিষয়ে একটি রুলও জারি করেছেন। রুলে ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এই নীতিমালা প্রণয়ন ও শিশুদের ওপর এর প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর বলেন, সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এর ফলে তাদের মধ্যে একাকিত্ব ও হতাশার মতো প্রবণতা দেখা দিচ্ছে, যা শিশুদের স্বাভাবিক মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করছে।
রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ঢাকার প্রতি ৫ জন শিশুর মধ্যে ৪ জনেরও বেশি (৮৩ শতাংশ) প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়, যা আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সময়সীমার চেয়ে অনেক বেশি। গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইসে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করছে।
গবেষণার তথ্য অনুযায়ী, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে এবং ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হচ্ছে। এ ছাড়া এসব শিশু রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়, যেখানে সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন। পাশাপাশি অংশগ্রহণকারী শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা তুলে ধরে রিট আবেদনে বলা হয়, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়ে এবং শারীরিক বৃদ্ধি ও সামগ্রিক মানসিক সুস্থতা ক্ষতিগ্রস্ত হয়।
(ঢাকাটাইমস/২২ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












