জাতীয় এসএমই পণ্য মেলায় বর্ষসেরা ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ, বিক্রি এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ বাড়াতে রাজধানীতে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে মেলাটির আয়োজন করা হয়েছে। এবারের মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের ৩৮০ জন উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা—এই আটটি বিভাগে পুরস্কার প্রদান করা হয়।
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে এসএমই খাতের বিকাশে এসএমই ফাউন্ডেশনের প্রতিষ্ঠার পটভূমি ও কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রে উল্লেখ করা হয়, ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। ওই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণীত হয় এবং পরের বছর ২০০৬ সালে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
(ঢাকাটাইমস/২২ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











