ধর্ষণের পর জোরপূর্বক আপসনামায় স্বাক্ষর নিয়ে রাখেন ওসি!

নিজের বিরুদ্ধে ওঠা ধর্ষণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ প্রত্যাহার করাতে এক নারীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আপসনামায় স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেনের বিরুদ্ধে। এ সময় ভুক্তভোগীর হাতে ১০ লাখ টাকা তুলে দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বরের লিখিত অভিযোগে ওই নারী উল্লেখ করেন, প্রায় এক বছর পাঁচ মাস আগে একটি ব্যক্তিগত সমস্যা নিয়ে কাশিমপুর থানায় গেলে তৎকালীন পুলিশ কর্মকর্তা ইফতেখার হোসেনের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তীতে ইফতেখার নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখান এবং ঘনিষ্ঠতা গড়ে তোলেন। অভিযোগ অনুযায়ী, ইফতেখার তাঁর বন্ধু সোহেলের সহযোগিতায় সোহেলের বাড়িতে নিয়ে ওই নারীর সঙ্গে একাধিকবার জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে ইফতেখার প্রথমে পাঁচ বছর অপেক্ষা করতে বলেন এবং একপর্যায়ে বিয়েতে অস্বীকৃতি জানান। বিষয়টি জানাজানি হলে পরিণতি ভালো হবে না বলে সোহেল তাঁকে হুমকি দেন। এমনকি ইফতেখারের বাবাও ফোন করে ওই নারীর পরিবারের আর্থিক অবস্থা নিয়ে কটূক্তি করেন এবং প্রতিবাদ করলে ইফতেখার তাঁকে প্রাণনাশের হুমকি দেন।
ভুক্তভোগী আরও জানান, গত ১১ সেপ্টেম্বর সোহেলসহ এক ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে ইফতেখারের সঙ্গে যোগাযোগের কল রেকর্ড ও বার্তা মুছে ফেলেন। তবে আগে থেকেই কিছু অডিও রেকর্ড ও ছবি সংরক্ষিত থাকায় তিনি সেগুলো তদন্ত কর্মকর্তার কাছে প্রমাণ হিসেবে জমা দিয়েছেন।
গত ১৯ অক্টোবর জিএমপি কমিশনারের কাছে দেওয়া দ্বিতীয় লিখিত অভিযোগে ওই নারী দাবি করেন, ১৮ অক্টোবর তাঁকে জোরপূর্বক স্থানীয় এক বিএনপি নেতার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাণনাশের হুমকি দিয়ে স্ট্যাম্পে তাঁর স্বাক্ষর নেওয়া হয় এবং হাতে ১০ লাখ টাকা তুলে দেওয়া হয়।
ভুক্তভোগীর ভাষ্যমতে, ওই ১০ লাখ টাকার মধ্যে আট লাখ টাকা বর্তমানে তাঁর কাছে সংরক্ষিত আছে এবং বাকি দুই লাখ টাকা তাঁর এক কাকা ও থানার এক ইনফর্মার জোর করে রেখে দিয়েছেন। তিনি কোনো ধরনের আর্থিক সমঝোতা চান না জানিয়ে ওই আট লাখ টাকা সরকারি হেফাজতে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরত দিতে প্রস্তুত বলে উল্লেখ করেন।
অভিযোগ জমা দেওয়ার পর থেকে কয়েকজন ব্যক্তি এলাকায় গিয়ে তাঁকে গাড়িচাপা দিয়ে হত্যা ও ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন বলেও তিনি জানান। এতে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তদন্তের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশ কমিশনারের কার্যালয় থেকে ১৬ তারিখে ডাকা হয়েছিল, তবে অসুস্থ থাকায় যেতে পারিনি। বিষয়টি কমিশনার স্যারকে মেসেজ দিয়ে জানিয়েছি, সুস্থ হলেই যাব।’
এ বিষয়ে জিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. তাহেরুল হক চৌহান বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
(ঢাকাটাইমস/২২ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













