আমুসহ ৬ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ, মির্জা আজমকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৬, ১৪:১৩
অ- অ+

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমুসহ ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় পলাতক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে ট্রাইব্যুনালে হাজির করতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রবিবার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালত মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন।

এদিন সকালে গ্রেপ্তার থাকা পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে অসুস্থতার কারণে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে আদালতে আনা সম্ভব হয়নি।

শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। তিনি আদালতকে জানান, মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় অভিযান চালিয়ে তাঁকে খুঁজে পায়নি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দাখিল করা হয়েছে। এ অবস্থায় পলাতক আসামিকে ট্রাইব্যুনালে হাজির করতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানান তিনি। শুনানি শেষে ট্রাইব্যুনাল ছয় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর পাশাপাশি মির্জা আজমের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

আমির হোসেন আমু, ডা. দীপু মনি ও ফারুক খান ছাড়া কারাগারে পাঠানো অপর তিন আসামি হলেন—সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। পলাতক মির্জা আজমসহ এই মামলায় মোট সাতজনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ নভেম্বর আওয়ামী লীগের এই সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এরপর ৫ নভেম্বর ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে ছয় আসামিকে হাজির করার নির্দেশ দেন এবং মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে এই নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা ১৪ দলীয় জোটের বৈঠকে অংশ নিয়ে আন্দোলন দমনে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, কারফিউ জারি এবং কারফিউকে কাজে লাগিয়ে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানোর পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, মামলার অভিযোগ অনুযায়ী ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে আন্দোলন চলাকালে আসহাবুল ইয়ামিনকে ধরে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তার বুকের বাঁ পাশে গুলি করা হয়। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে টেনে সাঁজোয়া যানের ওপর তুলে রাখেন। এরপর আন্দোলনরত ছাত্র-জনতাকে ভয় দেখাতে ওই অবস্থায় গাড়ি নিয়ে টহল দেওয়া হয়।

এক পর্যায়ে ইয়ামিনকে প্রায় মৃত অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/২২ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী
জাতীয় এসএমই পণ্য মেলায় বর্ষসেরা ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৩৫, মামলা ৩৬
উত্তরা-কমলাপুর মেট্রোরেল চলবে কবে, জানা গেল সম্ভাব্য তারিখ