মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোলবোমা ও ককটেল নিক্ষেপ

মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় পেট্রোলবোমা ও ককটেল নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে একটি শাখার বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরপর দুটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখার সামনে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের মাদারীপুরের জোনাল ম্যানেজার প্রদ্যুৎ কুমার বিশ্বাস জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের শাখা লক্ষ্য করে দুটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। তবে বোমা দুটি বিস্ফোরিত না হওয়ায় আগুন ছড়িয়ে পড়েনি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। এ সময় ব্যাংকের নৈশপ্রহরী বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
অন্যদিকে, শুক্রবার (২০ নভেম্বর) রাত ৩টার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায় বাইরে থেকে দুটি ককটেল ও দুটি পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের বাইরের অংশে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়া শাখাগুলোতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পরপর দুটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নাশকতা ঠেকাতে বিভিন্ন এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণের নিরাপত্তায় জেলা পুলিশ তৎপর রয়েছে।’
(ঢাকা টাইমস/২২নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













