‘হাঙামা’র শুটিং ফাঁসিয়ে ১৯ লাখ টাকা ক্ষতির মুখে নির্মাতা, পাভেলের বাসার নিচে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৬, ১৫:২৮
অ- অ+

নতুন টিভি ধারাবাহিক নাটক ‘হাঙামা’র শুটিংয়ে দুই দিন শিডিউল দিয়েও সেটে উপস্থিত না হওয়ার অভিযোগ উঠেছে অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে। তাঁর এমন অপেশাদার আচরণে প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতির পাশাপাশি পুরো শুটিং ইউনিটকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে বলে দাবি করেছেন নাটকটির নির্মাতা মানসুর আলম নির্ঝর।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মিরপুরের পল্লবীতে পাভেলের বাসার নিচে সংবাদ সম্মেলন করেন নির্মাতা ও শুটিং ইউনিটের সদস্যরা।

সংবাদ সম্মেলনে নির্মাতা নির্ঝর জানান, গত ২১ নভেম্বর ধারাবাহিক ‘হাঙামা’র শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল পাভেলের। সে অনুযায়ী আগে থেকেই সেট প্রস্তুত করা হয় এবং তাঁকে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি দিনভর তাঁর বাসার নিচে অপেক্ষা করে। অন্যদিকে, পরিচিত কয়েকজন অভিনয়শিল্পীসহ প্রায় ৬০ সদস্যের শুটিং ইউনিটও সেটে অপেক্ষায় ছিল। কিন্তু বারবার যোগাযোগের চেষ্টা করেও পাভেলের কোনো সাড়া পাওয়া যায়নি। কোনো উপায় না পেয়ে গভীর রাতে তাঁর বাসার নিচে এসে সংবাদ সম্মেলন করতে বাধ্য হন তাঁরা।

নির্মাতার ভাষ্যমতে, প্রায় দুই মাসের প্রচেষ্টায় সব শিল্পীর শিডিউল সমন্বয় করে চলতি মাসের ১২ তারিখ থেকে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছিল। এর মধ্যে গত ১৫ নভেম্বরও পাভেলের শিডিউল ছিল। সেদিনও সেট প্রস্তুত করে সারাদিন অপেক্ষা করে তাঁকে পাওয়া যায়নি, যাতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ক্ষতি হয়।

পরবর্তীতে পাভেল যোগাযোগ করে পারিবারিক সমস্যার কথা জানান এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। কাজের স্বার্থে বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে নিয়েই শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ১৭ ও ১৮ নভেম্বর তিনি শুটিংয়ে অংশও নেন। কিন্তু ২১ নভেম্বর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছেন বলে অভিযোগ নির্মাতার।

সব মিলিয়ে সেট ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন নির্ঝর। এ ঘটনায় ইতিমধ্যে ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ এবং পুলিশকে অবহিত করা হয়েছে। পাভেল ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি জনসমক্ষে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ধারাবাহিকটির ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করে নির্মাতা বলেন, বর্তমান পরিস্থিতিতে নতুন করে শুটিং করা ছাড়া নাটকটি শেষ করার আর কোনো উপায় নেই। গল্প কিংবা নির্মাণের মানের সঙ্গে কোনো আপস করতে রাজি নন তিনি।

উল্লেখ্য, ‘হাঙামা’ ধারাবাহিকটিতে সাইদুর রহমান পাভেল ছাড়াও অভিনয় করছেন শেরতাজ জেবীন, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার, মাশরুর ইনান, সামিউল ভূঁইয়া (ভাইসাব), তাবাসসুম ছোঁয়া, শারমিন শর্মী, সুষমা সরকার, মুক্তি জাকারিয়া, উজ্জ্বল মাহমুদ, শাওন (মিরাক্কেল), সিকদার মুকিত, জারিন জারা খান, সুমন পাটোয়ারী ও সিনি স্নিগ্ধাসহ আরও অনেকে।

(ঢাকাটাইমস/২২ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরখানে গভীর রাতে দাঁড়িয়ে থাকা স্টাফ বাসে আগুন
রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ
মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোলবোমা ও ককটেল নিক্ষেপ