গাজীপুরে ফের মহাসড়ক দখলের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ

বেতন বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার সকালে গড়গড়িয়া মাস্টারবাড়ি, আশপাডা মোড় ও সিএন্ডবি বাজার এলাকায় শ্রমিকদের মহাসড়কে ওঠার চেষ্টায় কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রবিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকরা সড়ক ছেড়ে পাশ দিয়ে মিছিল শুরু করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রীপুরের হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ কয়েকটি প্রতিষ্ঠানের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে সংশ্লিষ্ট কারখানাগুলো ছুটি ঘোষণা করলে শ্রমিকরা দলবদ্ধ হয়ে মিছিল নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় আসেন। তাদের একটি অংশ লাঠিসোঁটা হাতে মহাসড়কে অবস্থান নেন। এতে প্রায় পাঁচ মিনিট যান চলাচল বন্ধ থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়কে অবস্থান নিলে শ্রমিকরা সড়কের পাশ দিয়ে মিছিল করতে করতে আনসার রোডের দিকে অগ্রসর হন। পরে আশপাডা মোড়ে সাবলাইম কারখানার সামনে গিয়ে তারা আবারও জড়ো হন।
সেখানে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। এতে শ্রমিকরা পিছু হটে ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় গিয়ে অবস্থান নেন।
পরে পুলিশ সেখানেও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয়। ধাওয়া দিয়ে তাদের আনসার রোড থেকে পশ্চিম দিকে পাঠিয়ে দেওয়া হয়। এরপর দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে মহাসড়কে নিরাপদ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে শিল্প পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসারের বিপুলসংখ্যক সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছেন।
(ঢাকা টাইমস/২২নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











