টেকনাফে শতাধিক আইইডি বোমা, আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার, আটক ২

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র ও বিস্ফোরক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দসহ দুই চালককে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশির সময় এসব অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন— টেকনাফ সদর ইউনিয়নের নেঙ্গুরবিল এলাকার বাসিন্দা ইব্রাহিম এবং নতুন পল্লানপাড়া এলাকার বাসিন্দা মেহেদী হাসান। তাঁরা দুজনই অটোরিকশা চালক বলে জানা গেছে।
রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, উপ অধিনায়ক মেজর মঈন আলম, মেডিকেল অফিসার মেজর শরফুদ্দিন পাটুয়ারি, অপারেশন অফিসার লেফটেন্যান্ট ফুয়াদ রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছিল বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে কক্সবাজার রামু সেক্টরের আওতাধীন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের আদর্শ গ্রাম এলাকায় সড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় যানবাহনে থাকা বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্রশস্ত্রের সন্ধান পান বিজিবি সদস্যরা। পরে তল্লাশি চালিয়ে শতাধিক আইইডি বোমা, স্টিল বডি, বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্স, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া এসব অস্ত্র ও বিস্ফোরক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট দুই চালককে আটক করে বিজিবি। উদ্ধার করা বিস্ফোরক ও অস্ত্রশস্ত্রের উৎস, চালানটির গন্তব্য এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্তের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
এদিকে কক্সবাজার রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম শনিবার রাত সাড়ে ১২টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকা টাইমস/২২নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










