বেড়ায় আ.লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় ওসি প্রত্যাহার

বেড়া (পাবনা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৬, ১৬:২৭
অ- অ+

পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের টানা তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে পাবনা সদর সার্কেল অফিসের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম মোস্তফাকে নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ জানান, ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে এবং পাবনা সদর সার্কেল অফিসের পরিদর্শক গোলাম মোস্তফাকে বেড়া থানার দায়িত্ব দেওয়া হয়েছে। রাতেই তাঁকে দায়িত্ব বুঝে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শনিবার দুপুরে পৌরসভার বৃশালিখা এলাকার আওয়ামী লীগ এবং পৌর বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে। একই দিনে শুম্ভুপুর ও পায়না এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত লকডাউনের সমর্থনে বেড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার দিনভর পৌরসভার ৫নং ওয়ার্ডের পায়না, ৪ নম্বর ওয়ার্ডের শুম্ভুপুর ও ১ নম্বর ওয়ার্ডের বৃশালিখা গ্রামের বিভিন্ন স্থানে মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই দিন সন্ধ্যায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে বেড়া মডেল থানার সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং থানার ফটকের সামনে ভাঙচুরের চেষ্টা চালান। এসব মিছিলকে ঘিরে বেড়া পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ওই দিন রাতে বিএনপি এবং আওয়ামী লীগ-সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এসব ঘটনার পর থেকেই দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় শনিবার দুপুরে আবারও সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর থেকে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। চলমান এই উত্তেজনায় স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

(ঢাকা টাইমস/২২নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
মগবাজারে ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর অভিযান, নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার
গাজীপুরে ফের মহাসড়ক দখলের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ