রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, আজ বৈঠক এনসিপির সঙ্গে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক অপতৎপরতা মোকাবিলা এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে আজ সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
আলাদা বসার সিদ্ধান্ত এনসিপির
এনসিপি সূত্র জানায়, জামায়াতে ইসলামী ১১ দলীয় ঐক্যের সবাইকে নিয়ে একসঙ্গে বসতে চেয়েছিল, তবে এনসিপি আলাদাভাবে বৈঠক করার সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দলটির জন্য পৃথক সময় নির্ধারণ করা হয়েছে।
সংলাপে যেসব বিষয় তুলে ধরবে এনসিপি
দলটির নেতারা জানিয়েছেন, সংলাপে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি তোলা হবে। পাশাপাশি বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হতে পারে।
এর আগে রোববার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, দেশের সংকটকালে সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। তবে তিনি স্পষ্ট করেন যে, সংলাপে অংশ নেওয়াকে রাজনৈতিক ঐক্যের সম্মতি হিসেবে দেখা হচ্ছে না। ঐক্য প্রতিষ্ঠার আগে জুলাই সনদ বাস্তবায়ন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান পরিষ্কার করতে হবে।
জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে বৈঠক
বিএনপি সূত্র জানিয়েছে, পর্যায়ক্রমে জুলাই আন্দোলনে সক্রিয় অন্যান্য দলের সঙ্গেও পৃথকভাবে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রয়োজন হলে পরবর্তীতে সর্বদলীয় বৈঠক হতে পারে।
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে রয়েছেন। আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। দলীয় সূত্র জানায়, ২৭ বা ২৮ নভেম্বর তার নেতৃত্বে জামায়াতের প্রতিনিধিদল সংলাপে বসতে পারে—এমনটি ধরে নিয়ে প্রস্তুতি চলছে। তবে জামায়াতের এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, তারা এখনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পাননি। উল্লেখ্য, এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমিরের মধ্যে একান্ত বৈঠক হয়েছিল।
সরকারের অবস্থান
সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান জানান, ফ্যাসিবাদ ঠেকাতে এবং রাষ্ট্র পুনর্গঠনে গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে আবারও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই। বিএনপি ও বিরোধী দল উভয়ই যেহেতু একই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে এবং বিএনপি তা পুরোপুরি বাস্তবায়নের কথা বলছে, তাই এ ক্ষেত্রে দাবির কোনো ভিন্নমত থাকার সুযোগ নেই।”
(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












