মাদক স্পটে তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা এক সহকারী উপপরিদর্শক (এএসআই) হামলাকারীদের হাত থেকে দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান।
নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার হামলার সময় ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য একজন এএসআই ও একজন কনস্টেবল ওই এলাকায় গিয়েছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার হোসেন নিহত হন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। এসব স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর আগেও অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও গ্রেপ্তার করেছে। কনস্টেবলের ওপর হামলার পেছনে মাদক কারবারিদের কোনো চক্র জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসে একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের অভিযোগের তদন্তে গিয়ে পাঁচজনকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে আটক ব্যক্তিদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায়। তাদের বিরুদ্ধেও মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ছিল।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













