সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় দুই মামলা, আসামি ২৫৭

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঝটিকা মিছিল বের করে সরকার বিরোধী স্লোগান, নাশকতার ষড়যন্ত্র ও বাসে আগুন দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা হয়েছে। কাঁচপুর এলাকায় বাসে ও মীরেরটেক এলাকায় এবটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় মামলা দুটি দায়ের করা হয়।
গত শুক্রবার ও গতকাল শনিবার রাতে মামলা দুটি দায়ের করা হয়। দুই মামলায় দলটির শীর্ষ নেতাসহ ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরো ৯০ জনকে আসামি করা হয়। নাশকতার অভিযোগে গত শুক্রবার রাতে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম রেজা বাদী হয়ে মামলা দায়ের করেন। গতকাল শনিবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন মিয়া বাদী হয়ে আরো একটি মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
পুলিশ এজাহারে উল্লেখ করেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢালুতে ঝটিকা মিছিল বের করে সরকার ও রাষ্ট্র বিরোধী বিভিন্ন স্লোগান দেন। দেশকে অস্থিতিশীল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে তাঁরা বাসে আগুন দিয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ও পাঁয়তারা করেন। এ ঘটনায় এসআই শামীম রেজা বাদী হয়ে ৯৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আরো ৪০ জনকে আসামি করা হয়। এ মামলায় নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি মো. জসিম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু এবং ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি সগির মিয়াকে আসামি করা হয়।
অপরদিকে এশিয়ান হাইওয়ে সড়কের মীরেরটেক এলাকায় খড় বোঝাই একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় সোনারগাঁও থানায় এসআই হারুন মিয়া বাদী অপর মামলাটি দায়ের করেন। এ মামলায় ৭৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করা হয়। মামলায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সজিব ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুমসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
ওসি বলেন, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দুটি হয়েছে। এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
(ঢাকা টাইমস/২২নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











