স্বর্ণের দামে ধস, বিয়ে ও উৎসবের কেনাকাটায় স্বস্তি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৬, ২৩:২৯
অ- অ+

বিশ্ববাজারে স্বর্ণের দাম ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) স্বর্ণের বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। বিশেষ করে বিয়ে, বিবাহবার্ষিকী, উপহার ও উৎসব উপলক্ষে স্বর্ণালংকার কেনার পরিকল্পনা করেও উচ্চ দামের কারণে যারা পিছিয়ে গিয়েছিলেন, তাঁরা এখন কেনাকাটায় ফিরছেন।

রবিবার দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার দুবাইয়ে প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৪২৬ দশমিক ৫০ দিরহাম। ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৩৯৫ দিরহাম। গত এক মাসে প্রতি গ্রাম স্বর্ণের দাম কমেছে ৫৯ দশমিক ২৫ দিরহাম। চলতি বছর এখন পর্যন্ত কমেছে ৯৩ দিরহামের বেশি।

আন্তর্জাতিক বাজারে সপ্তাহ শেষে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে। সুদের হার বাড়ার আশঙ্কা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারে দরপতনের প্রভাবে স্বর্ণের দাম কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ীরা জানিয়েছেন, দাম কমায় অনেক ক্রেতা তাঁদের আগে থেকে পরিকল্পনা করে রাখা কেনাকাটা শুরু করেছেন। কেউ বিয়ের গয়না কিনছেন, কেউ স্বর্ণকে বিনিয়োগের মাধ্যম হিসেবে দেখছেন। পাশাপাশি পুরোনো স্বর্ণ বদলে নতুন গয়না কেনা এবং আগাম দাম নির্ধারণ করে রাখার প্রবণতাও বেড়েছে।

জুয়েলারি ব্যবসায়ী জন পল আলুক্কাস বলেন, অনেক ক্রেতা আগে থেকে পছন্দ করে রাখা গয়না কিনছেন। আবার কেউ বিয়ে ও উৎসবের কথা মাথায় রেখে আগাম কেনাকাটা করছেন।

তবে দাম আরও কমার আশায় কিছু ক্রেতা এখনো অপেক্ষা করছেন। স্বর্ণের দামের ওঠানামা অব্যাহত থাকায় বাজারে কেনাকাটা বাড়লেও ক্রেতাদের মধ্যে সতর্কতা রয়েছে।

দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশের বাজারেও ধারাবাহিকভাবে কমছে স্বর্ণের দাম। টানা নয় দফা দাম কমানোর পর ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম দুই লাখ টাকার নিচে নেমে এসেছে।

সর্বশেষ গতকাল শনিবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৮৯০ টাকা কমিয়ে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ১৫ টাকা কমিয়ে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৫৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

এর আগে ২০ নভেম্বর ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয়েছিল ১০ হাজার ৯৫৪ টাকা। এ ছাড়া ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা, ১৮ ও ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা করে, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাশকতা, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের
ঢাকা ও খুলনায় ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার
হালুয়াঘাটের সীমান্ত এলাকা পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি
আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে, এটা বাংলাদেশের দুর্ভাগ্য: শামা ওবায়েদ