ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৫১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৮ জনে।
রবিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৫৫ জন রয়েছেন। এ ছাড়া বরিশাল বিভাগে ১৬৭ জন, খুলনা বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, রাজশাহী বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ ৭৩ হাজার ৪৭৩ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এক লাখ ৬৭ হাজার ৮৮৫ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত পাঁচ হাজার ৭০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫১৮ জন।
এদিকে গত কয়েক বছরের পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫ সালে দেশে মোট এক লাখ দুই হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৪১৩ জন।
২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন। মৃত্যু হয় ৫৭৫ জনের।
এর আগে ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ দেখা দেয়। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। প্রাণ হারান এক হাজার ৭০৫ জন।
চলতি বছরেও ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













