রেলের নিয়োগ কেলেঙ্কারি: সাবেক জিএম মৃধার ২ বছর, কিবরীয়ার ৩ বছর কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৬, ১৮:০৬
অ- অ+

রেলওয়ে পূর্বাঞ্চলের নিয়োগ পরীক্ষায় নম্বরপত্র জালিয়াতি ও অনিয়মের মামলায় ১৩ বছর পর রায় দিয়েছেন আদালত। এতে রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় সরোয়ার হোসেন নামে অপর এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

রবিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালত পৃথক ধারায় ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সরোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে, পলাতক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

যেভাবে হয়েছিল নিয়োগে জালিয়াতি

মামলার নথি অনুযায়ী, ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপারের একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই পদের বিপরীতে আবেদন করেন ১০৯ জন। যাচাই-বাছাই শেষে ৭০ জনকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩৭ জন প্রার্থী। পরীক্ষার খাতা মূল্যায়ন শেষে চারজন প্রার্থী উত্তীর্ণ হন।

তবে অভিযোগ ওঠে, মূল্যায়নকারী শিক্ষকদের তৈরি করা মূল নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে সরবরাহ না করে সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়া নিজেই নতুন একটি নম্বরপত্র তৈরি করেন। এ সময় মূল নম্বরপত্রে ঘষামাজা ও ওভাররাইটিংয়ের মাধ্যমে প্রার্থীদের প্রাপ্ত নম্বর পরিবর্তন করা হয়।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, লিখিত পরীক্ষায় মো. ইব্রাহিম খলিল পেয়েছিলেন ৪৬ নম্বর। কিন্তু নম্বরপত্রে ঘষামাজা করে তা কমিয়ে ৪০ করা হয়। অন্যদিকে, নিয়োগ পাওয়া মো. সরোয়ার হোসেনের প্রাপ্ত ৩১ দশমিক ৫ নম্বর বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়।

অর্থাৎ, একজন প্রার্থীর নম্বর কমিয়ে এবং অন্যজনের নম্বর বাড়িয়ে পরীক্ষার ফল পরিবর্তনের অভিযোগ ওঠে। এতে মৌখিক পরীক্ষার নম্বরসহ মোট নম্বরের হিসাবে এগিয়ে যান সরোয়ার হোসেন। পরে তাকে নিয়োগের সুপারিশ করা হলে তাতে অনুমোদন দেন তৎকালীন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা।

১৩ বছর ধরে চলেছে বিচারিক প্রক্রিয়া

নম্বরপত্রে জালিয়াতি ও নিয়োগে অনিয়মের ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য এবং অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে রোববার রায় ঘোষণা করেন আদালত। এতে সাবেক দুই রেল কর্মকর্তাকে কারাদণ্ড দেওয়া হলেও অপর আসামি সরোয়ার হোসেন খালাস পেয়েছেন।

রেলের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে কারসাজি ও অনিয়মের ঘটনায় সাবেক শীর্ষ কর্মকর্তাদের এই দণ্ডাদেশ নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়টি আবারও সামনে এনেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তির চেয়ে গালাগালি জনপ্রিয় কেন: বাংলাদেশের গণমাধ্যমের সংকট
মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯
পানিতে ডুবে শিশুর মৃত্যু, নিজের গাড়িতে হাসপাতালে নিলেন হুইপ দুলু