যুক্তির চেয়ে গালাগালি জনপ্রিয় কেন: বাংলাদেশের গণমাধ্যমের সংকট

বাংলাদেশের মিডিয়ায় যুক্তিনির্ভর আলোচনার চেয়ে ব্যক্তিগত আক্রমণ, গুজব ও নেতিবাচক সংবাদ, গালাগালি ও বিদ্বেষপূর্ণ ভাষা কেন ব্যবহার করা হয় ?
১. নেতিবাচকতার প্রতি মানুষের পক্ষপাত
খারাপ খবর আমাদের মস্তিষ্কে দ্রুত ও গভীরভাবে গেঁথে যায়, কারণ তা বিপদ সংকেত হিসেবে কাজ করে। সামাজিক মাধ্যমে একটি গালাগালিপূর্ণ পোস্ট একটি গঠনমূলক পোস্টের চেয়ে ৬ গুণ দ্রুত ছড়ায় (মনোবিজ্ঞানী পল রোজিন ও রয় বাউমেইস্টারের গবেষণা অনুযায়ী)।
২. মানুষ মিডিয়া ব্যবহার করে নিজের চাহিদা মেটাতে চায়। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক পাঠকের কাছে মিডিয়া তথ্যের উৎসের চেয়ে মানসিক মুক্তির (catharsis) জায়গা। রাজনৈতিক বিভাজন, অর্থনৈতিক চাপ ও প্রাতিষ্ঠানিক আস্থার সংকটে মানুষ শান্তি খোঁজে। তখন অন্যের প্রতি আক্রমণাত্মক ভাষা বা কারো চরিত্রহনন দেখে এক ধরনের পরোক্ষ তৃপ্তি পায়- এলিহু কাটজ ও জে ব্লামলার।
৩. আদর্শহীনতা
এমন একটি সামাজিক অবস্থা যখন সমাজে প্রচলিত মূল্যবোধ, নৈতিকতা বা নিয়মকানুন ভেঙে পড়ে এবং মানুষ দিক নির্দেশনাহীন হয়ে পড়ে। সমাজে খুব দ্রুত অর্থনৈতিক, রাজনৈতিক বা প্রযুক্তিগত পরিবর্তন ঘটলে পুরনো নিয়মগুলো অকার্যকর হয়ে যায়, কিন্তু নতুন কোনো নিয়ম তৈরি হয় না। সবাই ছোটবেলা থেকে সাফল্যের (যেমন: ধনী হওয়া) স্বপ্ন দেখায়, কিন্তু সেই সাফল্য অর্জনের বৈধ পথ সবার জন্য খোলা রাখে না, তখন মানুষের মধ্যে আদর্শহীনতা তৈরি হয়।
ফলে মানুষ কী সঠিক আর কী ভুল তা বুঝতে পারে না। সমাজে অপরাধপ্রবণতা, বিচ্ছিন্নতাবোধ এবং হতাশা বেড়ে যায়।
৪. প্রাতিষ্ঠানিক আস্থাহীনতা (Institutional Distrust)
প্রাতিষ্ঠানিক আস্থাহীনতা বলতে সমাজের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ওপর সাধারণ মানুষের বিশ্বাস হারিয়ে ফেলাকে বোঝায়। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—গণমাধ্যম, বিচার বিভাগ, সরকার, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী, ব্যাংকিং ব্যবস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠান। দুর্নীতি ও স্বজনপ্রীতি: প্রতিষ্ঠানগুলো যখন নিরপেক্ষভাবে কাজ না করে নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে।
বিচারহীনতা: অপরাধ, অন্যায়ের কোনো বিচার না হলে।
অদক্ষতা: জনগণের মৌলিক চাহিদা বা নিরাপত্তা দিতে প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হলে।
মিথ্যাচার বা তথ্যের গোপনীয়তা: গণমাধ্যম বা সরকারি সংস্থাগুলো সঠিক তথ্য না দিলে মানুষ আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে এবং নিজেরাই আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখায়। কর ফাঁকি দেওয়া, নিয়ম না মানা এবং রাষ্ট্রীয় কাজে অসহযোগিতা করার প্রবণতা বাড়ে। তখন মানুষ মনে করে, আদালত বা যুক্তি দিয়ে নয়, জনসমক্ষে অপমান করেই 'ন্যায়বিচার' হবে।
৫. মানুষ নিজেকে একটি দলের (আমরা বনাম ওরা) অংশ হিসেবে দেখতে পছন্দ করে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি অত্যন্ত দ্বিমেরুকৃত। এখানে ‘আমার দলের’ কেউ যখন ‘ওদের দলের’ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে, তখন দর্শক সেটিকে নিজের জয় হিসেবে দেখে। ফলে ব্যক্তির যুক্তির চেয়ে ব্যক্তিকে আক্রমণ করা বেশি জনপ্রিয় হয়-হেনরি তাজফেল।
৬. অ্যালগরিদম হলো একগুচ্ছ গাণিতিক নিয়ম বা কোড, যা নির্ধারণ করে কোন ব্যবহারকারী কোন খবর, ভিডিও বা পোস্ট আগে দেখবেন। ফেসবুক, ইউটিউব, গুগল নিউজ বা টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে এটি মূল নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। অ্যালগরিদম ব্যবহারকারীর পূর্বের ইতিহাস বিশ্লেষণ করে তার পছন্দমতো খবর বা ভিডিও সামনে নিয়ে আসে।
ফেসবুক-ইউটিউবের অ্যালগরিদম এমনভাবে তৈরি যে, যে কন্টেন্টে রাগ, ঘৃণা বা বিতর্ক বেশি, সেটিই বেশি মানুষের কাছে পৌঁছায়। ফলে মূলধারার মিডিয়াও টিকে থাকার জন্য ক্লিকবেট শিরোনাম, চরিত্রহনন ও উত্তেজক ভাষা ব্যবহার করতে বাধ্য হয়। এটি একটি দুষ্টচক্র, দর্শক যা চায়, মিডিয়া তা দেয়; মিডিয়া যা দেয়, দর্শক তাতে আরও অভ্যস্ত হয়।
অ্যালগরিদম এমন কন্টেন্টকে বেশি গুরুত্ব দেয় বা 'বুস্ট' করে যা মানুষের মধ্যে তীব্র আবেগ (রাগ, ভয়, আনন্দ বা বিস্ময়) তৈরি করে। কারণ আবেগপ্রবণ কন্টেন্টে মানুষ বেশি মন্তব্য ও শেয়ার করে। অ্যালগরিদম যেহেতু ব্যবহারকারীকে তার পছন্দের বিষয়গুলোই বারবার দেখায়, তাই মানুষ কেবল নিজের মতাদর্শের খবরই দেখতে পায়। এর ফলে ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা বাড়ে এবং তথ্যের ভারসাম্য নষ্ট হয়।
নেতিবাচকতা ও আক্রমণাত্মক ভাষার জনপ্রিয়তা কোনো একক কারণে নয়। এটি মানুষের সহজাত মনস্তত্ত্ব, রাজনৈতিক মেরুকরণ, প্রাতিষ্ঠানিক আস্থার সংকট এবং ডিজিটাল অ্যালগরিদম - এ সবের মিলিত ফল। বাংলাদেশের মিডিয়ায় তারই প্রতিফলন ঘটছে। এর সমাধান কেবল ব্যক্তিকে শুদ্ধ করা নয়, বরং যুক্তিনির্ভর, জবাবদিহিমূলক গণপরিসর পুনর্নির্মাণ করা। জবাবদিহিতা করতে হলে আইনের প্রয়োগ করতে হবে।
মানবাধিকারের কথা আসবে, বাক স্বাধীনতার কথা আসবে। কিন্তু উন্নত দেশে আইনের বাইরে এক পা দেয়া, যা খুশি তাই লেখার কোন সুযোগ নেই। আমাদের শিক্ষা যুক্তি নির্ভর নয়। পরিবর্তন আনতে হলে নেতৃত্ব কেমন হতে হবে?
লেখক: সাবেক শিক্ষাসচিব
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













