নওগাঁয় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

নওগাঁর সাপাহার উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে দগ্ধ স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে স্বামী মারা যান। এর দুই দিন পর গ্রামের বাড়িতে মারা যান তার স্ত্রী।
উপজেলার শিরন্টি ইউনিয়নের গোপালপুর সোনাডাঙা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের সোলায়মান আলী ও তার স্ত্রী আফরোজা বেগম (৬৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর রবিবার রাত ৯টার দিকে মশার কয়েল ধরানোর জন্য রান্নাঘরে যান আফরোজা বেগম। এ সময় তিনি গ্যাস লাইট জ্বালালে রান্নাঘরে থাকা এলপিজি সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তিনি দগ্ধ হন। তার চিৎকার শুনে পাশের ঘর থেকে সোলায়মান আলী ছুটে গিয়ে স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও দগ্ধ হন।
ওই রাতেই গুরুতর দগ্ধ অবস্থায় দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ নভেম্বর শুক্রবার বিকেল ৪টার দিকে সোলায়মান আলী মারা যান। সেদিনই তার মরদেহ এবং চিকিৎসাধীন স্ত্রী আফরোজা বেগমকে গ্রামের বাড়িতে নেওয়া হয়। সোলায়মান আলীকে দাফনের পর বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ২২ নভেম্বর রবিবার ভোর ৫টার দিকে আফরোজা বেগমেরও মৃত্যু হয়।
এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, লোকমুখে তিনি বিষয়টি জেনেছেন। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।
(ঢাকা টাইমস/২২নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













