বগুড়ায় শিক্ষার্থী গালিব হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৬, ২০:২১
অ- অ+

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মনিরুল ইসলাম গালিব (১৫) হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার স্বজন ও সহপাঠীরা।

রবিবার (২২ নভেম্বর) দুপুরের পর বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় বগুড়া-শেরপুর মহাসড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে এলাকাবাসী ও সচেতন ছাত্র সমাজের ব্যানারে এ বিক্ষোভ হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা বিক্ষোভে সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। এ সময় বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দেন। পাশাপাশি নিহত গালিবের মায়ের চাকরির ব্যবস্থা করার ঘোষণা দেন। এরপর বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে চলে যান।

বিক্ষোভ চলাকালে নিহত গালিবের মা ময়না বলেন, ‘আমার ছেলেকে বিনা কারণে হত্যা করা হয়েছে। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমি আমার সন্তান হত্যার বিচার চাই।’

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন বলেন, ছাত্র হত্যার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। নিহত গালিবের বাবা নেই, তার মা বিধবা। আগামীকাল আবেদন করলে এক সপ্তাহের মধ্যে সিটি করপোরেশনে তার মায়ের চাকরির ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, পুলিশ ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করেছে। অন্যদেরও দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি, এমনকি ফাঁসি হওয়া উচিত বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িত একজনের যুবদলের সঙ্গে সম্পৃক্ততার কথা জানতে পেরে মহানগর যুবদলের সভাপতিকে তাকে দল থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। বগুড়ার পবিত্র মাটিতে কোনো দুর্বৃত্ত বা অপরাধীর স্থান নেই। কোনো অপরাধীর বগুড়া বিএনপিতে স্থান হবে না। শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানের ভালোবাসার এই মাটিকে কোনোভাবেই কলঙ্কিত হতে দেওয়া হবে না।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রায়হান উদ্দিন মোরাদ বলেন, আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের উদ্দেশ্য এক। সবাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান। শিক্ষার্থীরা বিভিন্ন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করছেন। ডিবি, থানা পুলিশ ও এসবিসহ বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।

তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত অন্যতম আসামি মিশু প্রধানকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে ম্যানুয়াল ও ডিজিটাল সোর্স ব্যবহার করে তদন্ত চলছে। দ্রুতই বাকি আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিল গালিব। এ সময় স্থানীয় যুবক মিশু (২১) তার ধূমপানের দৃশ্য মুঠোফোনে ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গালিবের কাছে ৫০০ টাকা দাবি করেন তিনি। এ নিয়ে গালিবের সঙ্গে মিশু ও তার বন্ধু রোহিত বাবুর (২০) বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মিশু ও রোহিত বাবু গালিবের বুক ও পিঠে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। গালিব শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার মাহবুব হোসেনের ছেলে।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ফের রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি
গোপালগঞ্জ-চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার
আইজিপি কাপ ফুটবলে সিএমপিকে হারিয়ে ময়মনসিংহ রেঞ্জের জয়
জাতীয় ঐক্যে যেতে সরকারকে যে শর্ত দিল এনসিপি