নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার দৌড়ে প্রাণে রক্ষা পান।
ঘটনার বিবরণ দিয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) তারেক আল মেহেদী জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন তথ্য অনুসন্ধানের কাজে হাশেমবাগ এলাকায় যান। এ সময় একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলার মুখে এএসআই আব্দুস সাত্তার দৌড়ে সরে যেতে সক্ষম হলেও দুর্বৃত্তরা কনস্টেবল আনোয়ারকে ধরে ফেলে এবং তার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, কাশীপুরের হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক আস্তানা রয়েছে। এর আগেও ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদককারবারি বা স্থানীয় কোনো অপরাধী চক্রই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













