টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ ৩

‎মো: রাজীব হোসেন,টঙ্গী=পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৮
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।

রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন দাঁড়াইল পশ্চিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন— খুলনার কয়রা থানার আশফাক গাজীর ছেলে মো. তরিকুল ইসলাম (২৬), ঝালকাঠি জেলার গলাচিপা থানার চরবিশ্বাস এলাকার সুলতান মৃধার মেয়ে মনিরা আক্তার (৩০) এবং নরসিংদীর পাঁচদোনা এলাকার সুমন ও মনিরা আক্তার দম্পতির ছেলে আরাফাত (৬)। তারা সবাই দাঁড়াইল পশ্চিমপাড়ার জুতার ফ্যাক্টরি সংলগ্ন জাহানারা বেগমের টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ভাড়াটিয়া মো. তরিকুল ইসলামের কক্ষের ভেতরে থাকা রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে ঘরে গ্যাস জমে ছিল। একপর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ও পাশের কক্ষের ভাড়াটিয়া মনিরা আক্তার ও তার ছেলে আরাফাতের রুমে ছড়িয়ে পড়ে। এতে ওই তিনজনই গুরুতর অগ্নিদগ্ধ হন।

বিস্ফোরণের শব্দ ও চিৎকার শুনে আশপাশের ভাড়াটিয়া এবং স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করেন।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নারী ও শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন এবং তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টানা পাঁচ দিনের দরপতনের পর বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপানো কে এই সুইডেন আসলাম?
অর্থনীতির সংকট নাকি রাষ্ট্রের সক্ষমতার পরীক্ষা: বাংলাদেশের সামনে কঠিন পুনর্গঠনের সমীকরণ
পোশাকশ্রমিকদের আন্দোলনে ১৮ দিনে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি: বিজিএমইএ