বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাত কতটা ভূমিকা রাখতে পারবে, তা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে। এর জেরে বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও কমেছে। এতে টানা তিন সপ্তাহ ধরে দরপতনের ধারায় রয়েছে গুরুত্বপূর্ণ এই জ্বালানি পণ্য।
আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় রাত ২টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ কমে ৯২ ডলার ২৯ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১৫ সেন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ২৬ সেন্টে নেমে আসে।
এর আগের সপ্তাহেও তেলের বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছিল। ওই সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমে যায়।
জ্বালানি তেলের পাশাপাশি সোমবার এশিয়ার শেয়ারবাজারগুলোতেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। প্রযুক্তিনির্ভর দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে দরপতন হয়েছে ৪ শতাংশ। একই চিত্র দেখা গেছে চীন, হংকং ও অস্ট্রেলিয়ার বাজারেও।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও বড় ধরনের দরপতন হয়। বিশেষ করে প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর শেয়ার নিয়ে উদ্বেগের মধ্যে নাসডাক সূচক এক সপ্তাহে ১০ শতাংশ কমেছে।
বাজার বিশ্লেষকদের মতে, চাহিদা কমার আশঙ্কায় তেলের দাম কমলেও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি বড় ধরনের দরপতন ঠেকাতে ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলে হামলার ঘটনায় বৈশ্বিক তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা অব্যাহত থাকায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ এখনো কাটেনি। ফলে একদিকে বৈশ্বিক চাহিদা কমার আশঙ্কা, অন্যদিকে সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি—এই দুই বিপরীতমুখী পরিস্থিতির প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে।
(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













