ঢাকা রেঞ্জের সক্ষমতা বাড়াতে দুই মাসের জন্য সংযুক্ত ১২ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার

ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও সমন্বয় কার্যক্রম জোরদার করতে অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে রেঞ্জটিতে সংযুক্ত করা হয়েছে। তাদের আগামী দুই মাসের জন্য তাদেরকে ঢাকা রেঞ্জে দায়িত্ব পালন করতে হবে।
রবিবার পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
প্রথম প্রজ্ঞাপনে আটজন কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন—ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান ও মো. মেহেদী হাসান, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোহেল রানা, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মো. মোকছেদুল মমিন এবং পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান।
অন্যদিকে দ্বিতীয় প্রজ্ঞাপনে চারজন কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন—পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম ও মো. আতিকুর রহমান এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন শাকিল।
দুই প্রজ্ঞাপনেই সংযুক্ত হওয়া কর্মকর্তাদের আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি এবং প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম জোরদার করার লক্ষ্যেই তাদের এই সংযুক্তি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













