সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জে গৃহবধূ হাজেরা খাতুন হত্যা মামলায় তার স্বামী মো. বাবু মন্ডলকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার হাজেরা খাতুনের সঙ্গে একই এলাকার বাবু মন্ডলের বিয়ে হয়। তাদের সংসারে সাকিব নামে দুই বছর বয়সী একটি ছেলেসন্তান ছিল।
এজাহারে উল্লেখ করা হয়, বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে হাজেরা খাতুনকে প্রায়ই মারধর ও নির্যাতন করতেন তার স্বামী। এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাজেরাকে মারধরের পর গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা মো. নুরুল হুদা বাদী হয়ে সিরাজগঞ্জ থানায় মামলা করেন। দীর্ঘ প্রায় ১৫ বছর বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।
(ঢাকা টাইমস/২৩নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











