ছেলের বিয়েতে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার মৃত্যু, আশঙ্কাজনক মা

সাতক্ষীরার শ্যামনগরে ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ট্রাকচাপায় আব্দুল আজিজ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে শ্যামনগর উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ শ্যামনগর উপজেলার গোডাউন মোড় এলাকার বাসিন্দা। তার পৈতৃক বাড়ি উপজেলার জয়নগর গাজীবাড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আত্মীয়স্বজন ও বরযাত্রীদের সঙ্গে মোটরসাইকেলে করে ভেটখালী এলাকায় যাচ্ছিলেন আব্দুল আজিজ ও তার স্ত্রী। পথে পেচোর মোড় এলাকায় ভেটখালী থাকে বংশীপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল আজিজের মৃত্যু হয়। গুরুতর আহত হন তার স্ত্রী।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/২৩নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













