নবীন পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালনে নিষ্ঠা ও সততার আহ্বান ডিআইজি মোস্তাফিজুর রহমানের

৪৪তম বিসিএস (পুলিশ) শিক্ষানবিস ব্যাচের ১৩ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানিয়েছে ঢাকা রেঞ্জ পুলিশ।
সোমবার ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে শিক্ষা সফরের অংশ হিসেবে আসা এসব নবীন কর্মকর্তাকে অভ্যর্থনা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী।
অনুষ্ঠানে ঢাকা রেঞ্জ পুলিশের ইতিহাস, প্রশাসনিক কাঠামো, কার্যক্রম, উল্লেখযোগ্য সাফল্য ও চলমান চ্যালেঞ্জ নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
পরে পরিচয়পর্ব ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষানবিস এএসপিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নিজেদের পেশাগত অভিজ্ঞতা তুলে ধরেন।
নবীন কর্মকর্তাদের উদ্দেশে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনে পেশাদারত্ব, নৈতিকতা ও বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব রয়েছে। ভবিষ্যতে দায়িত্ব পালনের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয়েও তিনি দিকনির্দেশনা দেন। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষানবিস এএসপি রিজভী আহমেদ এ আয়োজনের জন্য ডিআইজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভা শেষে নবীন কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন ডিআইজি। এ সময় ঢাকা রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













