টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেত্রী

চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের কাছে যেতে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী তানিয়া আক্তার তাপসীকে। গাজীপুরের টঙ্গীতে একটি প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যাওয়ার পর ছাত্রদলের নেতাকর্মীদের হাতে শনাক্ত হন তিনি। পরে তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গী সমবায় কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (২৩ নভেম্বর) টঙ্গী পশ্চিম থানা-পুলিশ তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টঙ্গী সমবায় কমপ্লেক্সে ইউএস-বাংলা নামের একটি প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ এর জন্য উপস্থিত হয়েছিলেন তানিয়া। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিকা আজাদসহ কয়েকজন ছাত্রদলকর্মী তাঁকে চিনতে পারেন। পরে তাঁকে আটক করে টঙ্গী পশ্চিম থানা-পুলিশের কাছে নিয়ে যান তাঁরা।
তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ ছিল তাঁর।
এর আগে গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন তানিয়া। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, চাকরির ইন্টারভিউ দিতে টঙ্গীতে এসেছিলেন তানিয়া। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












