মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ-ভাঙচুরের মামলার আসামি নগরকান্দা থেকে গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলার এক আসামিকে ফরিদপুরের নগরকান্দা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জয়লাল মুন্সি।
সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার চরযোশরদী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জয়লাল মুন্সি ওই গ্রামের জাহাঙ্গীর মুন্সির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জয়লাল মুন্সি বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন। গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলাতেও তিনি আসামি।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়লাল মুন্সির পৈতৃক বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাগাড়া গ্রামে। তবে দীর্ঘদিন ধরে তিনি নগরকান্দা উপজেলার চরযোশরদী গ্রামে তাঁর নানাবাড়িতে বসবাস করে আসছিলেন।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীরসহ পুলিশের একটি দল অংশ নেয়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, নগরকান্দা থানায় দায়েরকৃত নাশকতা মামলার আসামি যিনি মুকসুদপুর থানার নাশকতা মামলারও আসামি জয়লাল মুন্সিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকা টাইমস/২৩নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











