চট্টগ্রাম পোর্ট: সাইফ পাওয়ার আউট, এভারেস্ট পোর্ট সার্ভিসেস ইন, দৃশ্যপটে বিএনপির এমপি শাহাদাত হোসেন সেলিম

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনালের (সিসিটি) পরিচালনার দায়িত্ব হারিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক। নতুন অপারেটর হিসেবে ছয় মাসের জন্য দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। প্রতিষ্ঠানটি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পরিবারের মালিকানাধীন। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।
সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথির সই করা এক আদেশে এভারেস্ট পোর্ট সার্ভিসেসকে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।
এভারেস্ট পোর্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সেলিম সাংবাদিকদের বলেন, আগামী ছয় মাসের জন্য সিসিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন তারা। নিয়ম মেনে দরপত্রে অংশ নিয়ে তার প্রতিষ্ঠান সর্বনিম্ন দর দিয়েছে।
শাহাদাত হোসেন সেলিম বলেন, বন্দরের কার্যক্রম পরিচালনায় তাদের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ৪০ বছর ধরে তারা বন্দরের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত। সুনাম অক্ষুণ্ন রেখে দায়িত্ব পালন করতে পারবেন বলে আশা করছেন তিনি।
সিসিটি পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে সোমবার রাত ১২টা থেকে তারা দায়িত্ব গ্রহণ করতে পারবেন।
গত ছয় বছর প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ার টেক। গত ২ নভেম্বর প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন অপারেটর নিয়োগ না হওয়ায় পরবর্তী তিন সপ্তাহ সাইফ পাওয়ার টেককে কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল বন্দর কর্তৃপক্ষ।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর নৌপরিবহন মন্ত্রণালয় থেকে সিসিটিতে দীর্ঘ মেয়াদে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে সেই প্রক্রিয়া চূড়ান্ত না হওয়ায় আপাতত ছয় মাসের জন্য নতুন অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ জন্য সীমিত দরপত্র পদ্ধতিতে গত ১৭ নভেম্বর দরপত্র আহ্বান করা হয়। ১৮ নভেম্বর দরপত্র কেনা এবং ১৯ নভেম্বর জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। প্রতিষ্ঠানগুলো হলো এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভি, শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ও দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড।
তবে দরপত্র জমা দেওয়ার জন্য মাত্র দুই দিন সময় দেওয়ায় আগ্রহী অন্য প্রতিষ্ঠানগুলো অংশ নিতে পারেনি বলে অভিযোগ করেছিলেন বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের (বোটসোয়া) সভাপতি ফজলে একরাম চৌধুরী। তার অভিযোগ, সরকারি ক্রয়বিধিমালা (পিপিআর) অনুসরণ না করে টার্মিনালটিতে অপারেটর নিয়োগ করা হচ্ছে।
অন্যদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দাবি, সরকারি ক্রয়বিধিমালা অনুযায়ী সীমিত দরপত্র পদ্ধতির (এলটিএম) বিধান মেনেই অপারেটর নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











