১১ মাসে খুলনায় ৩৮ হত্যা মামলা, রহস্য উদঘাটন ৩৬টির

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আওতাধীন বিভিন্ন থানায় চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে ৩৮টি হত্যা মামলা দায়ের হয়েছে। এসব মামলার মধ্যে ৩৬টির রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। এ সময় হত্যা মামলার তদন্তে ১৬৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ১৩৭ জন বিজ্ঞ আদালত ও পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
কেএমপির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত নগরীর বিভিন্ন থানায় দায়ের হওয়া ৩৮টি হত্যা মামলায় মোট ৪০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩৬টি মামলার রহস্য উদঘাটন করা হয়েছে। ইতোমধ্যে সাতটি মামলায় পুলিশ রিপোর্ট প্রদান করা হয়েছে এবং বাকি মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, অবশিষ্ট দুটি হত্যা মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে নৌ পুলিশের কাছে রয়েছে। ফলে অধিকাংশ হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি শনাক্তে কেএমপির তদন্ত কার্যক্রমে অগ্রগতি হয়েছে।
অপরাধ সংঘটনের পরপরই ঘটনাস্থল পরিদর্শন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা নজরদারি, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। হত্যা মামলার তদন্তের পাশাপাশি অপরাধে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং অপরাধের প্রকৃত রহস্য উন্মোচনেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
কেএমপি বিজ্ঞপ্তিতে জানানো হয়। নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা এবং নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে অপরাধ ও অপরাধীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানা বা পুলিশকে জানানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
(ঢাকা টাইমস/২৩নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










