বিমানে হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৭| আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৫
অ- অ+

আগামী ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার বিষয়টিকে ‘উন্মাদনা ছাড়া আর কিছুই নয়’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘‘১৬ ডিসেম্বর এয়ারক্রাফটে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি এয়ারক্রাফট চাচ্ছেন—এটি নজিরবিহীন ও হাস্যকর ঘটনা।’’

এ সময় তিনি আরও উল্লেখ করেন, ভারতে পলাতক নেতাদের কর্মকাণ্ডে আওয়ামী লীগের সন্ত্রাসী ও খুনি হিসেবে পরিচয় আরও স্পষ্ট হচ্ছে।

ব্রিফিংয়ে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রসঙ্গে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘‘তার মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল। রাষ্ট্রপক্ষ থেকে জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানানো হয়েছে।’’

এর আগে আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। ভারত থেকে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও নথিপত্রের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চেয়েছেন।

রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা চান তিনি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত হওয়ার পর এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা, যা বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।

(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খান
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও উল্লম্ফন
বিদেশে পাড়ি দিচ্ছে মেধাবী শিক্ষার্থীরা, মেধা পাচার রোধে প্রয়োজন শিক্ষাব্যবস্থার সংস্কার
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন