জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে আনসার-ভিডিপির নারী সদস্যদের ভাষা প্রশিক্ষণ, পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৬, ০০:২২
অ- অ+

জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নারী সদস্যদের জাপানি ভাষা প্রশিক্ষণ কার্যক্রম চলছে। ফরিদপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে পরিচালিত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাপান থেকে আসা একটি প্রতিনিধি দল।

সোমবার প্রতিনিধি দলটি প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি, প্রশিক্ষণার্থীদের ভাষাগত দক্ষতা এবং জাপানে কর্মসংস্থানের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করে।

পরিদর্শনকালে আনসার বাহিনীর সদর দপ্তরের পরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) মো. মইনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জাপানের তিনজন এবং এডসেকের (ADSEC) দুজন প্রতিনিধি অংশ নেন।

প্রতিনিধিদল প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের ভাষা শেখার অভিজ্ঞতা, অর্জিত দক্ষতা ও জাপানে কাজ করার প্রত্যাশার কথা শোনে। প্রশিক্ষণার্থীদের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে জাপানি প্রতিনিধিরা দেশটিতে কর্মজীবন, কর্মপরিবেশ, ভাষাগত দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ ছাড়া প্রশিক্ষণ কার্যক্রমের পরিবেশ, পাঠদান পদ্ধতি ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন তাঁরা। পরে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা।

পরিদর্শনকালে পরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) মো. মইনুল ইসলাম প্রশিক্ষণার্থীদের আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি জাপানি ভাষা শেখার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান, নিয়মানুবর্তিতা ও অধ্যবসায়ের সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করার পরামর্শ দেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জাপানি ভাষা প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নারী সদস্যদের আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
তেজগাঁও বিভাগে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩
১১ মাসে খুলনায় ৩৮ হত্যা মামলা, রহস্য উদঘাটন ৩৬টির
জামালপুরে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা