খুন-চাঁদাবাজিতে ব্যবহারের অস্ত্র ভাড়া দিত ‘ফোর স্টার’ গ্রুপ, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৬, ১৯:১৪| আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৯:১৪
অ- অ+

রাজধানীর পল্লবী, মিরপুরসহ আশপাশের এলাকায় খুন, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধে ব্যবহারের জন্য ভাড়ায় অস্ত্র সরবরাহ করত ‘ফোর স্টার’ গ্রুপ। এই গ্রুপের ছয় সদস্যকে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৪-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– শেখ ওসমান গনি সোহাগ (৩৫), মো. রনি ব্যাপারী (৩৫), মো. রনি (২৬), মো. হাসিব (২৭), মো. ইমন মোল্লা (২৫) ও মো. সৌরভ বেপারী (১৯)।

সংবাদ সম্মেলনে হাফিজুর রহমান বলেন, পল্লবী ও রূপনগর এলাকায় ‘ফোর স্টার গ্রুপের’ সদস্যরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় শোডাউন করতেন। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেন তারা।

এসআরবি জানায়, গত ২৩ নভেম্বর বিকেলে পল্লবী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ফোর স্টার গ্রুপের মশিউর অংশের অস্ত্রধারী সদস্য সোহাগকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রূপনগর ও শিয়ালবাড়ি কবরস্থানের আশপাশে অভিযান চালানো হয়।

এসআরবি-৪ এর পদাতিক অধিনায়ক বলেন, সোহাগের দেওয়া তথ্য অনুযায়ী, ফোর স্টার গ্রুপের একটি ডাকাত দল রূপনগর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসআরবির অভিযান টের পেয়ে দলের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় গ্রুপটির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এসআরবির দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পল্লবী, মিরপুর, শাহ আলী ও কাফরুলসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। তাদের কাছে থাকা অস্ত্র দিয়ে নিজেরা অপরাধ করতেন। পাশাপাশি পেশাদার অপরাধীদের কাছেও ভাড়ায় অস্ত্র সরবরাহ করতেন। এসব অস্ত্র খুন, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহার করা হতো।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচটি তাজা গুলি, ১২টি রামদা ও চাকু, দুটি সামুরাই, একটি খেলনা পিস্তল, ৩০টি ইয়াবা এবং মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

সংস্থাটির ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা ‘ফোর স্টার’ গ্রুপের মশিউর অংশের ছত্রচ্ছায়ায় চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী
শেখ হাসিনা দেশে এলে জনগণ তাকে ফাঁসির মঞ্চে এগিয়ে দেবে: হাসনাত আবদুল্লাহ
ঝিনাইদহে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা