নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৬, ১৬:৫০
অ- অ+

নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য ছড়ালেও দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৪) পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, ‘নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে আসলে ভয় পাওয়ার কিছু নেই। দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছেন।’

শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কিছুদিন আগে শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছেন। তাদের দাবি-দাওয়া উপস্থাপন পর্যন্ত আন্দোলন যৌক্তিক। তবে এই আন্দোলনের আড়ালে বা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন জায়গায় নাশকতা চালাচ্ছে।

ডিসেম্বরকে কেন্দ্র করেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য ছড়ানো হচ্ছে বলে জানান এসআরবির এই কর্মকর্তা।

তিনি বলেন, ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় সম্পৃক্ত উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নাশকতা প্রতিরোধে সাধারণ মানুষের ভূমিকার প্রশংসা করে হাফিজুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেক নাশকতাকারীকে সাহসী স্থানীয় বাসিন্দারা নিজেরাই পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ জন্য তিনি সাধারণ মানুষকে ধন্যবাদ জানান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন
দুই অধিদপ্তরসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্থার শীর্ষ পদে রদবদল
নড়াইলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন 
জমির শেয়ার বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রতারক শফিক গ্রেপ্তার