দুই অধিদপ্তরসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্থার শীর্ষ পদে রদবদল

পরিবেশ অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), সরকারি যানবাহন অধিদপ্তরসহ কয়েকটি দপ্তর ও সংস্থার শীর্ষ পদে রদবদল করা হয়েছে।
সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. রাহেদ হোসেন। প্রেষণে তাকে এ পদে নিয়োগ দিয়ে তার চাকরি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক মো. লুৎফুর রহমানকে স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হয়েছেন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম। অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আর অধিদপ্তরটির বর্তমান মহাপরিচালক শাহীনা ফেরদৌসীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া সরকারি যানবাহন অধিদপ্তরের (পরিবহন পুল) নতুন পরিবহন কমিশনার হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার রাজা মো. আব্দুল হাই।
বিএডিসির বর্তমান চেয়ারম্যান মো. আজিজুল ইসলামকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ মঞ্জুরা আফরোজকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













