বাসায় ফ্যানের সঙ্গে ঝুলছিল কলেজ শিক্ষিকার লাশ

চট্টগ্রাম ব্যুরো
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৬, ১৮:২৩
অ- অ+

চট্টগ্রামে নিজ বাসা থেকে চন্দ্রা শর্মা (৩৬) নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যাপক ছিলেন।

সোমবার (২৩ নভেম্বর) রাতে নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন সোসাইটির একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার (২৪ নভেম্বর) খুলশী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে ওই শিক্ষিকা আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। তবে কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খুলশী থানার এসআই আসাদুল হক জানান, চন্দ্রা শর্মা দক্ষিণ খুলশীর ৩ নম্বর সড়কের জাকির হোসেন সোসাইটির একটি ভবনে স্বামী মলয় কান্তি শর্মার সঙ্গে বসবাস করতেন।

সোমবার সন্ধ্যায় তার স্বামী বাইরে থেকে বাসায় ফিরে দেখেন, ঘরের দরজা ভেতর থেকে ছিটকিনি দিয়ে আটকানো। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তার সন্দেহ হয়। পরে তিনি পুলিশকে খবর দেন।

খবর পেয়ে খুলশী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শয়নকক্ষের ফ্যানের সঙ্গে চন্দ্রা শর্মার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চন্দ্রা শর্মার মৃত্যুর কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিবির হাতে গ্রেপ্তারের স্বপ্ন দেখেছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা, বাস্তবেও ঘটল ঠিক তাই!
ঠাকুরগাঁওয়ে শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
হত্যা মামলায় সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড
ভাসানী জনশক্তি পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন আমিনুল ইসলাম সেলিম