১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলা ও নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। এসব রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে আগের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি।
এদিকে রিয়াদগামী যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থার কথাও জানিয়েছে বিমান। আসন খালি থাকা সাপেক্ষে যাত্রীরা বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরব যাতায়াত করতে পারবেন।
যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত কার্যকর থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













