শেখ হাসিনা দেশে এলে জনগণ তাকে ফাঁসির মঞ্চে এগিয়ে দেবে: হাসনাত আবদুল্লাহ

শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ফাঁসির মঞ্চে এগিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নৈরাজ্যের বিরুদ্ধে এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রার আগে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা চাই শেখ হাসিনা ফেরত আসুক। ফেরত এলে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আওয়ামী ধর্মে উজ্জীবিত কিছু লোক আছে, তাদের জন্য এসব নাটক করা হয়।’
শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনার জন্য একবার বিমান পাঠাও, গাড়ি পাঠাও, একবার বর্ডার চেক করো। এগুলো নাটক। পালিয়ে যাব না বলে যে চলে যায়, সে আসি আসি বলেও আর আসে না।’
হাসনাত আরও বলেন, ‘আসতে হলে বর্ডার চেক করতে হয়? মাদকের ডিলাররা বর্ডারের ফাঁকফোকর দিয়ে আসার জন্য রেকি করে। তাদের স্বভাবের মধ্যে স্মাগলিং আছে। দিন শেষে সে আসবে না। এলে আমরা তাকে ওয়েলকাম করি। এলে তার জন্য ফুল নিয়ে যাব। বাংলাদেশের সব মানুষ গিয়ে তাকে ফাঁসির মঞ্চে এগিয়ে দেবে।’
এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রাটি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে শুরু হয়। আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-১০ হয়ে মিরপুর-১২ নম্বরে গিয়ে এটি শেষ হয়।
শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব ও যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












