সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিব

বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন উপসচিব। তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
ক্ষমতাপ্রাপ্ত তিন কর্মকর্তা হলেন– উপসচিব মো. তোফায়েল হোসেন, কাজী আরিফুর রহমান ও মোছা. ফুয়ারা খাতুন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুযায়ী তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৪ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।
এর মধ্যে উপসচিব মো. তোফায়েল হোসেন দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮, ২৯০ ও ২৯১ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন।
অন্যদিকে উপসচিব কাজী আরিফুর রহমান ও মোছা. ফুয়ারা খাতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর নির্ধারিত ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই তিন কর্মকর্তা সচিবালয়ে কর্মরত থাকাকালে তাদের ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তবে মোবাইল কোর্ট পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে।
প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট তার অধিক্ষেত্রে অন্যান্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হয়েছে, এমন আইনে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি সমন্বয় করতে পারবেন।
এ ছাড়া মোবাইল কোর্ট পরিচালনার বিবরণ নির্ধারিত ছকে সংশ্লিষ্ট মাসের শেষ কর্মদিবসে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











