৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে মান পরখ করলেন প্রধানমন্ত্রী

দেশের তিন লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল উপহার দেবে সরকার। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত এসব বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজেই চালিয়ে পরীক্ষা করে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বেশ কিছুক্ষণ ধরে বিভিন্ন মডেলের বাইসাইকেল চালিয়ে দেখেন এবং সেগুলোর গঠনগত মান, টেকসই ক্ষমতা ও শিক্ষার্থীদের ব্যবহারিক সুবিধার দিকগুলো নিবিড়ভাবে পরখ করেন।
সরকারের এই কর্মসূচির আওতায় দেশের ২০ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। নীতিমালা অনুযায়ী, প্রতিটি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিতে বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী ছাত্রীরা একটি করে বাইসাইকেল উপহার পাবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো, নিরাপদে ও সহজে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করা এবং মাধ্যমিক স্তরে নারী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতেই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বাইসাইকেল পরিদর্শন ও পরীক্ষার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











