অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৬, ১৪:০৫
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগান দেওয়া এবং আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় জ্যোতিকা জ্যোতির ভূমিকা তদন্ত করতে এ রিমান্ড আবেদন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বিকেল ৩টায় আদালতের কার্যতালিকায় জ্যোতিকা জ্যোতির রিমান্ড শুনানি উঠতে পারে।

মামলার এজাহারে জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এজাহারভুক্ত ২০ জন আসামির বিরুদ্ধে আন্দোলন দমনে অর্থের জোগান দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। জ্যোতিকা জ্যোতি তাদের একজন।

পুলিশের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় জ্যোতির সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। অভিযোগের সত্যতা যাচাই, অন্যান্য আসামিদের সঙ্গে তার যোগাযোগ ও সমন্বয়ের তথ্য উদঘাটনের জন্য তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

তবে আবেদনে ১০ দিনের রিমান্ড চাওয়া হলেও নথির এক অংশে পাঁচ দিনের রিমান্ডের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ রয়েছে।

পুলিশের রিমান্ড আবেদনে জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচটি কারণ তুলে ধরা হয়েছে।

  • মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের পূর্ণাঙ্গ পরিচয় ও বর্তমান অবস্থান শনাক্ত করা।
  • ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের ভূমিকা এবং তাদের পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের তথ্য সংগ্রহ করা।
  • আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও অন্যান্য আলামত সম্পর্কে তথ্য সংগ্রহ এবং সেগুলো উদ্ধারের চেষ্টা করা।
  • ঘটনার সঙ্গে জ্যোতির সংশ্লিষ্টতা যাচাই এবং সংগৃহীত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্রের সত্যতা পরীক্ষা করা।
  • আন্দোলন দমনে অর্থের জোগানদাতাদের নেটওয়ার্ক তদন্ত করে প্রত্যেকের ভূমিকা নির্ধারণ করা।

আদালতে উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বিচারক।

(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
আমিরাতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ২৬
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার মোতায়েন