আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৬, ১৩:৫৫
অ- অ+

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ লক্ষ্যে তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য ইতোমধ্যে দেশের সব রাজনৈতিক দল, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও ভুক্তভোগী পরিবারগুলোকে চিঠি দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর।

চিফ প্রসিকিউটর জানান, অপরাধের তথ্য সংগ্রহে প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এবং সব রাজনৈতিক দল, নিপীড়িত সংগঠন ও ভুক্তভোগী পরিবারের উপস্থিতিতে এ কর্মসূচি পরিচালিত হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।

আমিনুল ইসলাম বলেন, গণশুনানিতে গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহ করা হবে। কোনো ঘটনার বিষয়ে আগে থেকে মামলা থাকলে তার কাগজপত্র ও রেকর্ড পর্যালোচনা করা হবে। আর মামলা না হয়ে থাকলে ভুক্তভোগী পরিবারকে চিহ্নিত করা হবে। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য কোনো ঘটনা পাওয়া গেলে তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে বিচারের ব্যবস্থা নেওয়া হবে।

গণশুনানি কর্মসূচি যশোর জেলা থেকে শুরু করার পরিকল্পনার কথা জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আগামী ২৬ নভেম্বর যশোরে প্রথম কর্মসূচি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ২৮ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখ কিছুটা পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে আগামী সপ্তাহেই এই কার্যক্রম শুরু করা হবে।

দেশজুড়ে এই গণশুনানির প্রয়োজনীয়তা তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে অসংখ্য ক্রসফায়ার, বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। অনেক ভুক্তভোগী পরিবার চরম নির্যাতনের শিকার হলেও ভয়ে মামলা করতে পারেনি। আবার অনেক অপরাধী এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, এসব অপরাধ আইনের আওতায় এনে দেশে ন্যায়বিচার ও আইনের শাসনের সংস্কৃতি প্রতিষ্ঠা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কখনো কোনো মানবতাবিরোধী অপরাধ না ঘটে।

গণশুনানির আইনগত ভিত্তি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর স্পষ্ট করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত করার এবং অভিযোগ দাখিলের পূর্ণ ক্ষমতা রয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও স্বাধীনভাবে তদন্ত করতে পারে। তাই এই গণশুনানি কর্মসূচি সম্পূর্ণ আইনসম্মত এবং এর যথাযথ আইনগত ম্যান্ডেট রয়েছে।

(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
আমিরাতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ২৬
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার মোতায়েন