নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনে জিয়াউল আহসান জড়িত ছিলেন: অ্যাটর্নি জেনারেল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৬, ১৫:৫০
অ- অ+

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, এ মামলার অন্যতম প্রধান আসামি তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শেষে আদালত প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল জানান, তারেক সাঈদের জবানবন্দি অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশ ও অনুমতি ছাড়া র‍্যাবের কোনো অভিযান পরিচালিত হতো না। নারায়ণগঞ্জের এই নৃশংস হত্যাকাণ্ড দেশের প্রতিটি মানুষকে নাড়া দিয়েছিল।

মামলার নথিপত্র ও আসামিদের জবানবন্দির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, "হত্যাকাণ্ডের বিবরণ অত্যন্ত ভয়াবহ। প্রথমে পাঁচজনকে অপহরণ করা হয়। পরে আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ঘটনাটি দেখে ফেলায় তাদেরও অপহরণ করা হয়। এরপর সাতজনকে অচেতন করে হত্যা করা হয় এবং মরদেহ যেন ভেসে উঠতে না পারে, সেজন্য পেট কেটে ইট ও সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়।"

শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক আদালতে যুক্তি উপস্থাপন করেন। তারা হাইকোর্টের রায়ের বিভিন্ন অংশের পাশাপাশি আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ আদালতের নজরে আনেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেন, "হত্যাকাণ্ডের সময় কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এ মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপক্ষ আজ তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, হাবিলদার এমদাদুল হক ও সিপাহী আবু তৈয়বের জবানবন্দির বিভিন্ন অংশ আদালতে পড়ে শুনিয়েছে।" আসামিদের এসব বক্তব্যের সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণের পূর্ণ সামঞ্জস্য রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের আদালত থেকে মামলার হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে সাদা পোশাকধারী র‍্যাব সদস্যরা তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলমকে অপহরণ করে। একই সময়ে অপর একটি গাড়িতে থাকা জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম ঘটনাটি দেখে ফেলায় তাদেরও অপহরণ করা হয়।

এ ঘটনার তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীর চর ধলেশ্বরী এলাকা থেকে ছয়জনের এবং ১ মে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফতুল্লা থানায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে দুটি মামলা করেন।

বিচারিক প্রক্রিয়ায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত প্রধান আসামি নূর হোসেন ও র‍্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তীতে হাইকোর্টেও তাদের মৃত্যুদণ্ড বহাল থাকে। তবে মামলাটি আপিল বিভাগে যাওয়ার পর দীর্ঘ সাড়ে ৭ বছর ধরে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় ঝুলে থাকায় রায় কার্যকর করা সম্ভব হয়নি। এতে নিহতদের পরিবারে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক
বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল ২ আরোহী নিহত 
সরিয়ে দেওয়া হলো সাত জেলার এসপিকে, নতুন দায়িত্বে যারা
দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ