মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয় জনের পরিবর্তে ১০ কর্মচারীর নামে বেতন উত্তোলনের অভিযোগ

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে একের পর এক অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা আক্তার নিপার বিরুদ্ধে।
৩২ বছর চাকরি জীবনের প্রায় পুরো সময় মহেশপুরে কাটানো অফিস সহকারী লুৎফর রহমানের যোগসাজসে এসব অর্থ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন ওই কর্মকর্তা। আউটসোর্সিং কর্মচারীদের চাকরি পুনর্বহালে ঘুস, লাখ টাকা ঘুস নিয়ে চাকরি পুনর্বহাল না করা এবং কর্মচারীদের বকেয়া বেতন পাইয়ে দিতে ১৫ হাজার টাকা করে আদায়ের পর এবার ৯ কর্মচারীর পরিবর্তে ১০ জনের নামে অতিরিক্ত বেতন উত্তোলন করে ১ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি জানাজানি হলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেলানা আক্তার নিপার ব্যক্তিগত সহকারী হাসিনা খাতুনকে আউটসোসিং কর্মচারী বলে দাবি করা হয়েছে। মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব নেবার আগে থেকে হাসিনা খাতুন বিভিন্ন প্রাইভেট হাসপাতালে হেলেনা আক্তারের সহকারী ছিলেন।
এদিকে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে জেলা সিভিল সার্জন, দুদক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করায় পুনর্বহালের নিয়োগ পত্র দেওয়া হচ্ছে না বলে অভিযাগ করেছেন শাকিল আহম্মেদ নামের এক কর্মচারী। জানা গেছে, মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং-এ প্রথমে ১০ কর্মচারীর নিয়োগ হলেও বর্তমানে ২ জন টিকিট ক্লার্ক, ১ বাবুর্চি, ২ নিরাপত্তা প্রহরী, ৩ জন পরিছন্নতা কর্মী ও ১ আয়াসহ মোট নয় জন কাজ করছেন। প্রায় দেড় বছর আগে চাকরি ছেড়ে বাবুর্চি পদে থাকা কাওসার আলী বিদেশে চলে গেলে তার পদটি খালি হয়। সেই থেকে দশজনের পরিবর্তে নয় জন কর্মচারী আউটসোর্সিং-এ সেবা দিয়ে আসছেন। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বভার গ্রহণ করেন হেলেনা আক্তার নিপা। এরপ্রায় দুই মাস পর ব্যক্তিগত সহকারী হিসেবে হাসিনা খাতুনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। মাসখানেক আগে ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত মোট ১১ মাসের বকেয়া বেতন পেয়েছেন আউটসোর্সিং কর্মচারীরা। বাবুচির পদটি খালি থাকার সুয়োগে স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা আক্তার নিপা নয় জনের পরিবর্তে দশ জনের নামে বেতন উত্তোলন করে তা আত্মসাত করেছেন। প্যালেন্স সি./সিএস ঝি/আউটসোর্সিং/শা-২/২০২৫/০২ নম্বর স্মারকের বিল শীটে নয় কর্মচারীর পরিবর্তে দশ কর্মচারীর ১১ মাসের একুশ লাখ ৯০২৮৪ টাকা বেতন উত্তোলন করা হয়েছে।
আউটসোর্সিং কর্মচারী শাকিল বলেন, আমি এই হাসপাতালে প্রায় ৫ বছর ধরে কাজ করছি। ম্যাডাম যোগদানের দুই মাস পর থেকে ব্যক্তিগত সহকারী হিসেবে হাসিনা খাতুন হাসপাতালে যাতায়াত করছেন। হাসিনা খাতুন আউটসোর্সিং-এর কেউ নন। আমরা নয় জন আউটসোর্সিং- এ কাজ করছি। কাওসার আলী বিদেশে থাকার দেড় বছর ধরে তার পদটি খালি রয়েছে। কিন্তু নয় জনের পরিবর্তে দশজনের বেতন উত্তোলন করা হয়েছে।
তিনি আরও বলেন, টাকা ছাড়া পুনরায় নিয়োগ না হওয়ায় আমি এখন পর্যন্ত নিয়োগপত্র পাইনি। সোমবার নিয়োগপত্রের জন্য ম্যাডামের কাছে গেলে তিনি আমাকে বলেন, তুমি আমার নামে সিভিল সার্জন, দুদক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ করেছো যেকারণে তোমার নিয়োগপত্র দেওয়া হবে না।
অফিস সহকারী লুৎফর রহমান বলেন, হাসিনা খাতুন আউটসোসির্ং কর্মচারী হিসেবে বেতন উত্তোলন করেছেন। গত বছরের অক্টোবর মাসে হাসিনা খাতুনকে আউটসোর্সিং কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অক্টোবর মাস থেকে তার বেতন দেওয়া হয়েছে। নিয়োগের সময় ব্যতিত অক্টোবর মাসে কিভাবে নিয়োগ দেওয়া হলো এ প্রশ্নে তিনি বলেন, এব্যাপারে আমি কিছু জানি না; এ ব্যাপারটা ম্যাডাম জানতে পারেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা বলেন, টাকা উত্তলন করে দুই মাসের টাকা ফেরত দেওয়া হয়েছে।
(ঢাকা টাইমস/২৫নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











