পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, ৩ জনকে জরিমানা

পাবনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৬, ২১:১৪
অ- অ+

পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজার ও আশপাশের এলাকা থেকে অবৈধভাবে মজুত করা ৪৬৬ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তিন ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার ইসলাম নাফিজ।

অভিযানসংশ্লিষ্টরা জানান, জেলায় সার সংকট না থাকলেও অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছিল একটি চক্র। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শ্রীকোল এলাকায় অভিযান চালানো হয়। কয়েক ঘণ্টার অভিযানে তিন ব্যবসায়ীর ৮ থেকে ১০টি গুদাম থেকে ৩৮৯ বস্তা ডিএপি, ৬৫ বস্তা এমওপি এবং ১২ বস্তা ইউরিয়াসহ মোট ৪৬৬ বস্তা সার জব্দ করা হয়। এসব সারের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

অবৈধভাবে সার মজুদের অভিযোগে শ্রীকোল এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ছেলে ও মেসার্স মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী বাচ্চু মল্লিককে ২০ হাজার টাকা, আ. আলিম মোল্লার ছেলে ও মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী হেলাল মোল্লাকে ১০ হাজার টাকা এবং মৃত আরশেদ আলী খানের ছেলে আসাদুজ্জামান কামালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা সবাই সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া ও শ্রীকোল এলাকার বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার ইসলাম নাফিজ বলেন, অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে ওই তিন ব্যক্তি শ্রীকোল ও আশপাশের ৮ থেকে ১০টি স্থানে অবৈধভাবে সার মজুদ করেছিলেন। অভিযানে কারও দোকান, আবার কারও বাড়ি থেকে এসব সার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অভিযুক্তদের কেউই অনুমোদিত সার ডিলার নন। তাই জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

(ঢাকা টাইমস/২৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে জাতীয় বিশ্ববিদ্যালয় অপরাজিত থেকে টানা দ্বিতীয়বার শিরোপা অর্জন  
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয় জনের পরিবর্তে ১০ কর্মচারীর নামে বেতন উত্তোলনের অভিযোগ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের মাঝে চেক বিতরণ
হোয়াইটওয়াশের পর টেস্ট চ্যাম্পিয়নশিপেও পিছিয়ে পড়ল বাংলাদেশ