সীমান্তে চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

সীমান্তে চোরাচালানসহ যেকোন ধরনের অপরাধ ও নাশকতা ঠেকাতে দিনাজপুর ৪২ বিজিবির বিশেষ অভিযানে মাদক উদ্ধার করেছে।
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ নভেম্বর ২০২৬ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ পীরগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৩৯২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও অনুসন্ধান অব্যাহত রেখেছে বিজিবি।
অভিযান প্রসঙ্গে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবি অত্যন্ত কঠোর ও আপসহীন। সীমান্তকে মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হচ্ছে। চোরাকারবারিদের কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না এবং যুবসমাজকে মাদকের কবল থেকে রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।(ঢাকা টাইমস/২৫নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












