মির্জাপুরে যুবলীগ নেতা জহিরুল গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার উয়ার্শী ইউনিয়নের দেওলীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম দেওলীপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। তিনি উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ছররা গুলি ছোড়ে। এ সময় আন্দোলনে অংশ নেওয়া গোড়াই লালবাড়ি এলাকার হিমেল নামে এক যুবক দুই চোখের দৃষ্টিশক্তি হারান।
এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল আদালতে একটি মামলা করেন। মামলায় পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১০০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় জহিরুল ইসলামের সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল জানান, অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
(ঢাকা টাইমস/২৫নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












