বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩
অ- অ+

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন এই শুল্কের আওতায় পড়তে যাচ্ছে বাংলাদেশ, চীন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড় বাণিজ্য অংশীদার। দেশভেদে এই শুল্কের হার ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। খবর বিবিসি’র।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) প্রকাশিত নতুন শুল্কের প্রস্তাবে চীনের পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ এবং ভিয়েতনামের পণ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে। তালিকাভুক্ত অন্য দেশ ও অঞ্চলগুলোর—যার মধ্যে বাংলাদেশও রয়েছে—পণ্যের ওপর ২০ বা ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগে হওয়া দ্বিপক্ষীয় শুল্কসংক্রান্ত চুক্তির কারণে কিছু পণ্যের ক্ষেত্রে কার্যকর শুল্কের হার কিছুটা কম হতে পারে।

নতুন শুল্কের আওতায় থাকা ১৪টি দেশ ও অঞ্চল হলো—বাংলাদেশ, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ভিয়েতনাম, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া ও থাইল্যান্ড। এ ছাড়া পৃথক তদন্তের অংশ হিসেবে ব্রাজিলের পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন।

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত এই শুল্ক আগামী বছরের আগে কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। এটি চূড়ান্ত করার আগে জনমত যাচাই ও পরামর্শ গ্রহণের কয়েকটি ধাপ পার হতে হবে এবং প্রয়োজনে শুনানিও অনুষ্ঠিত হবে।

গত মার্চে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করলে হোয়াইট হাউস বিভিন্ন দেশের বাণিজ্যচর্চা নিয়ে নতুন করে তদন্ত শুরু করে। সেই তদন্তের ভিত্তিতেই ইউএসটিআর এই নতুন শুল্কের প্রস্তাব দিয়েছে।

ইউএসটিআরের প্রধান জেমিসন গ্রিয়ার দাবি করেন, যুক্তরাষ্ট্রের অনেক বাণিজ্য অংশীদার কয়েক দশক ধরে এমন শিল্পনীতি গ্রহণ করেছে, যা বাজারকে বিকৃত করে মার্কিন উৎপাদন খাতকে ক্ষতিগ্রস্ত করছে। মার্কিন শ্রমিকদের জন্য প্রতিযোগিতার সমান ক্ষেত্র তৈরি এবং বাণিজ্য ঘাটতি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন।

অর্থনীতিবিদদের মতে, নতুন এই শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রে পণ্যের উৎপাদন ও আমদানি ব্যয় বাড়বে, যা শেষ পর্যন্ত সাধারণ ক্রেতাদের ওপর চাপ সৃষ্টি করে মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে। তবে ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ স্টিফেন ব্রাউনের মতে, নতুন শুল্ক মূলত আগের কিছু শুল্কের জায়গা নেবে এবং সীমিতসংখ্যক পণ্যের ওপর প্রযোজ্য হওয়ায় সামগ্রিক ব্যয়ের চাপ খুব বেশি নাও হতে পারে।

এদিকে নতুন শুল্কের প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘রাজনৈতিক কারসাজি’ বলে আখ্যা দিয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, তারা কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না। এ ছাড়া ইউরোপীয় কমিশন ও ভিয়েতনামও এই প্রস্তাবের বিরোধিতা করেছে।

(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ
ফরিদপুর থেকে গোপালগঞ্জের আ.লীগ নেতা হারুন-অর-রশিদ পিনু গ্রেপ্তার
ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব ও সাবেক ডিসিসহ গ্রেপ্তার ৪
সারা দেশে আকাশ থাকবে আংশিক মেঘলা, কমতে পারে তাপমাত্রা