‘বন্দুকযুদ্ধের’ নামে ছাত্রদল নেতা জনি হত্যা, ১১ বছর পর পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেপ্তার

‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চাহিদার প্রেক্ষিতে বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চাহিদার ভিত্তিতে পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গাজীপুর থেকে আমরা গ্রেপ্তার করেছি। আজ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সোপর্দ করা হবে।
আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়। সর্বশেষ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার গাজীপুরে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর খিলগাঁও থানা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন জনি। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। তার সঙ্গে ছাত্রদল নেতা মহিউদ্দিনও ছিলেন। এরপর ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে জনিকে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করে পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই বছরের সেপ্টেম্বরে এ ঘটনায় মামলা করেন জনির বাবা মো. ইয়াকুব আলী। মামলায় সাবেক ও বর্তমান ১৩ পুলিশ কর্মকর্তাসহ মোট ৬২ জনের নাম উল্লেখ করা হয়। তাদের মধ্যে ৪৯ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













