রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯, মামলা ৫২

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি ১৩৯ জনকে আটক করেছে মিরপুর বিভাগ। এছাড়া ওয়ারী বিভাগে ৭৯ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, লালবাগ বিভাগে ৫৯ জন, মতিঝিল বিভাগে ৪৫ জন, গুলশান বিভাগে ৪৪ জন, উত্তরা বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ২৩ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগের অভিযানে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে আসামিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১টি রিভলভার, ১টি চাপাতি, ৪টি ককটেল, ৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ৩০৭ পিস ইয়াবা, ৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১টি সেলাই রেঞ্জ, ৭টি মোবাইল ফোন এবং নগদ ৩২ হাজার ৯০০ টাকা। পাশাপাশি অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












