আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮
অ- অ+

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকাসহ সাতটি জেলায় ১০৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, মোতায়েনকৃত প্লাটুনগুলোর মধ্যে সর্বোচ্চ ৫৬ প্লাটুন বিজিবি সদস্য গোপালগঞ্জে দায়িত্ব পালন করছেন। এছাড়া ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এর বাইরেও জরুরি প্রয়োজনে মোতায়েনের জন্য আরও ৪ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে কাজ করছেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলসহ স্পর্শকাতর স্থানগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে তারা সচেষ্ট রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ ক্ষেত্রে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে তারা অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বাহিনীটি বদ্ধপরিকর।

(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯, মামলা ৫২
মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
বিশ্ব বাজারে স্বর্ণের দামে আবারও পতন
সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ